আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুর-৪, কাপাসিয়ায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে এক বিশাল যৌথ টহল ও শোডাউন পরিচালিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে এই টহল কার্যক্রম শুরু হয়।
মহড়ায় অংশ নেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এসময় দুর্গাপুর ইউনিয়ন, কাপাসিয়া সদর ইউনিয়ন এবং তরগাঁও ইউনিয়নের বাস টার্মিনাল সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এই মহড়ার মূল উদ্দেশ্য ভোটারদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করা।
শোডাউন শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি ইউনিটকে তাদের নির্ধারিত এলাকায় মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য এই টহল কার্যক্রম এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে যে, শান্তি-শৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করা হবে। বর্তমানে উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান।