নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমান টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর গ্রেফতার হয়েছেন। ১১ ফেব্রুয়ারি এটি ঘটেছে সৈয়দপুর বিমানবন্দরে। জানা যায়,সকালে বিমানবন্দরে আসেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন। এ সময় তার ব্যাগে ছিল বিপুল পরিমান টাকা। তিনি টাকার ব্যাগ নিয়ে বিমানবন্দরে আসেন। এ সময় তার গতিবিধি বিমানবন্দরের সিসি ক্যামেরায় ধরা পড়লে বিমানবন্দর আইন শৃংখলা বাহিনী তাকে সন্দেহবসত আটক করেন। পরে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সেখানে এসে তাকে হেফাজতে নেন। হেফাজতে তার কাছ থেকে টাকার বিষয়ে জানার চেষ্টা করা হয়। এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম জানান,বিষয়টি তিনি অবগত আছেন। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন এতো টাকা নিয়ে কোথায় যেতেন,কাকে দিতেন, কার কাছে যেতেন,তা নিয়ে প্রশ্নের সৃস্টি হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ায় এমন প্রশ্ন অনেকের মধ্য থেকে আসছে। আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন পেশায় একজন কলেজ শিক্ষক। তিনি ঠাকুরগাঁও জেলা সদরের হাজীপাড়ার দবিরুল ইসলামের ছেলে। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হয় বেলাল উদ্দিন একজন সহজ সরল মানুষ। তিনি ঢাকায় গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। ওই টাকা ছিল তার বৈধ পথে আয় করা। একটি মহল এটিকে ভিন্নখাতে নিয়ে তার সম্মান ক্ষুন্ন করছে। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রেজা জানান, তিনি অসুস্থ হওয়ায় চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে তার কাছ থেকে জানা যাবে আসল ঘটনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল।