পিরোজপুরে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য থাকবে ৮ সহস্রাধিক

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৪ পিএম
পিরোজপুরে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য থাকবে ৮ সহস্রাধিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসন এলাকায় নিরাপত্তা বিধানে ৮ সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। নিয়োজিত পুলিশের মধ্যে অন্তত ২৬৬ জন পুলিশের সাথে বডি-ওয়ার্ন ক্যামেরা থাকবে বলে পিরোজপুরের পুলিশ সুপার আজ বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিং-এ জানিয়েছেন।      পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার তিনটি আসনের ৪১৮ ভোট কেন্দ্রে এবং সন্নিহিত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ১ হাজার ৬০০ জন, নৌ পুলিশ ৬৮ জন,  সেনা সদস্য ৮০০ জন, বিজিবি ৪৬৩ জন, ব্যাটেলিয়ন আনসার ১১২ জন, র‌্যাব সদস্য ৬৫ জন, কোস্ট গার্ড ৮০ জন এবং আনসার ও ভিডিপি সদস্য থাকবে ৫ হাজার ৪৩৪ জন। আইনশৃঙ্খলা রক্ষাকালীন পুলিশের ২৬৬ বডি-ওয়ার্ন ক্যামেরার মধ্যে ১৩৪ টি থাকবে অনলাইন ক্যামেরা ও ১৩২ টি থাকবে অফলাইন ক্যামেরা। তিনি জানান, জেলার ৪১৮ টি ভোট কেন্দ্রের জন্য সেনা, র‌্যাব, বিজিবি, পুলিশের ৪২ টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব দল সমন্বিতভাবে কাজ করবে যাতে কেউ কোনো কিছু করে পার পেতে না পারে।   পুলিশ সুপার বলেন, ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে। নির্বাচনের আগে ও পরে এবং নির্বাচন চলাকালীন যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় সেনা, নৌ, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার সদস্যরা তৎপর থাকবে।