বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসের অন্যতম পুরোধা শিল্পী ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ ব্যান্ডের লিড ভোকাল ও গিটারিস্ট দস্তগীর হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন রোগভোগের পর বুধবার ( ১১ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, দস্তগীর হক দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে অবস্থার অবনতি হলে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়। শেষ পর্যন্ত সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ও একমাত্র পুত্র মাসাব হক–কে রেখে গেছেন। বাদ আসর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর পুত্র মাসাব হক। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। দস্তগীর হক ছিলেন সত্তর দশকের জনপ্রিয় ব্যান্ড ’–এর লিড ভোকাল ও গিটারিস্ট। ১৯৭২ সালে গঠিত এই ব্যান্ডটি বাংলাদেশের আধুনিক ব্যান্ড সংগীত আন্দোলনের সূচনালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যান্ডটির সংগীত পরিবেশনা সেই সময়ের তরুণ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবারের সন্তান। তিনি কিংবদন্তি গিটারিস্ট নয়ন মুন্সী–এর বড় ভাই এবং পাকিস্তানে সংগীতাঙ্গনে ব্যাপক আলোচিত প্রখ্যাত শিল্পী আলমগীর হক–এর ছোট ভাই। তাঁর বোন জর্জিনা হকও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই পরিবারটি কয়েক দশক ধরে উপমহাদেশের সংগীত ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দস্তগীর হকের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিল্পী, সংগীতপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা তাঁকে একজন নিরহংকারী, মেধাবী ও সময়ের চেয়ে এগিয়ে থাকা শিল্পী হিসেবে স্মরণ করছেন। শিল্পীর পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।