দৌলতপুর সীমান্তে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৭ পিএম
দৌলতপুর সীমান্তে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

দৌলতপুর সীমান্তে কুষ্টিয়া জেলাধীন দৌলতপুর উপজেলার বিজিবি নির্বাচনী বেইজ ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নির্বাচনী দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলাধীন দৌলতপুর উপজেলায় স্থাপিত বিজিবি বেইজ ক্যাম্প হতে আনুমানিক ৪.৫ কিলোমিটার এবং সীমান্ত শূন্য লাইন হতে প্রায় ৪ কিলোমিটার দূরত্বে পোল্ট্রিমোড় চর নামক স্থান দিয়ে অস্ত্র পাচার সংঘটিত হতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১৩০ ঘটিকায় দৌলতপুর বিজিবি বেইজ ক্যাম্প (বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয়) হতে একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রাম দা, ৫টি ছোট রাম দা, ০৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে বিজিবির ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। বিজিবির মহাপরিচালক এর দিকনির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সদস্যগণ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর ২০২৬ তারিখ তফসিল ঘোষণার পর হতে এ পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ১৩ জন আসামিসহ ৮টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ বিদেশী পিস্তল ৩৬টি, রাইফেল ২টি, ম্যাগাজিন ৩৯টি, গুলি ৬৪৮ রাউন্ড, মর্টার সেল ২টি, ককটেল ১টি, হ্যান্ড গ্রেনেড ০৪টি, গান পাউডার ২০ কেজি এবং বিপুল পরিমাণ অন্যান্য অস্ত্র জব্দ করে। বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে আশাবাদী যে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও  বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে