আশাশুনিতে মেয়াদ শেষে জমি ছেড়ে দিতে বলায় জমির মালিকদেরকে শাবলের আঘাতে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত ৩ জনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে শোভনালী ইউনিয়নের বাটরা গ্রামে এ ঘটনা ঘটে। গোদাড়া গ্রামের আলমগীর পাড়ের ছেলে হামজা দিং তাদের বাটরা মৌজায় ২৫ কাঠা জমি বাটরা গ্রামের মৃত শমসের সরদারের ছেলে সাইদ সরদার দিংকে লীজ প্রদান করেন। লীজের মেয়াদ গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে শেষ হয়ে গেছে। পূর্ব থেকে এবছর ঘের তাকে দেবেনা জানানোর পর মাছ ধরে নিয়ে ছেড়ে দেব বললেও গত প্রায় দেড় মাসেও জমি ছেড়ে দেয়নি। বাধ্য হয়ে বুধবার দুপুর আড়াইটার দিকে হামজা, তার মা হাফিজা খাতুন ও ভাই মোছানুরকে সাথে নিয়ে ঘেরে গিয়ে সাইদদের ঘের ছেড়ে দেওয়ার ব্যাপারে কথা বলছিল। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদ, খোকন সরদারের ছেলে শিমুল ও মুজিবুর সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন শাবল, রড, জিআই পাইপ সহ বিভিন্ন দেশী অস্ত্র ও লাঠি শোটা দিয়ে তাদের উপর আক্রমন করে। মাথায় শাবলের আঘাতে গুরুতর জখম হয়ে হামজা ও অন্যরা আঘাত প্রাপ্ত হলে আক্রমনকারীরা ঘেরে আসলে কবর দেবে সহ বিভিন্ন হুমকী ধামকী দিয়ে চলে যায়। আহতদের থানা পুলিশকে দেখিয়ে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামজার মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে।