চাটমোহরে জামায়াত নেতাদের রাতে ভোটকেন্দ্রে প্রবেশ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৫ এএম
চাটমোহরে জামায়াত নেতাদের রাতে ভোটকেন্দ্রে প্রবেশ

পাবনার চাটমোহরের একটি ভোটকেন্দ্রে রাতের বেলায় জামায়াত নেতারা প্রবেশ করায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত প্রিজাইডিং অফিসার হলেন উপজেলা খাদ্য পরদর্শক মো. রুহুল আমিন। তিনি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আশরাফ জিন্দামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ছিলেন। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।  জানা গেছে,নিমাইচড়া ইউনিয়নের সমাজ মিয়াপাড়ার ক্কারি জালাল উদ্দিনের ছেলে ছাত্রশিবির পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান (জামান) ও বলজপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে মো.মোখলেছুর রহমানসহ জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসার রুহুল আমিনের সাথে সাক্ষাৎ করেন এবং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে বিষয়টি জানাজানি হলে তারা ভোট কেন্দ্রে যান। তারা তাৎক্ষনিক ঘটনাটি সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও স্থানীয় সাংবাদিকদের অবগত করান। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিজাইডিং অফিসার রুহুল আমিনকে প্রত্যাহার করেন। ওই কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসারকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। এদিকে আজ সকাল সাড়ে ৭টা থেকে চাটমোহর উপজেলার সকল বৈাট কেন্দ্রে ভোট প্রদান শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চাটমোহর পৌর সদরের ৪টি ভোট কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে,ভোটারদের উপস্থিতি অনেক।

আপনার জেলার সংবাদ পড়তে