কিশোরগঞ্জ-৫ আসনে হাঁস মার্কার তিন কর্মীকে কুপিয়ে জখম

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:১০ পিএম
কিশোরগঞ্জ-৫ আসনে হাঁস মার্কার তিন কর্মীকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের (হাঁস) তিন কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপির কর্মীরা। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট চলাকালীন বাজিতপুর উপজেলার হালিমপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হাঁস মার্কার তিন সমর্থক হচ্ছেন হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামের নাঈম হোসেন (২৮), তাঁর পিতা মো. হাসান মিয়া (৫৮) ও আব্দুল কাইউম (৬২)। এছাড়া আল আমিন (২০) নামে বিএনপির এক সমর্থকও আহত হন।  আহতদের মধ্যে নাঈম, হাসান ও কাইউমের মাথা, বুক, হাত-পাসহ সারা শরীরে আঘাত করা হয়েছে। নাইমের বুকের গুরুতর জখম করা হয়েছে। আহত চারজনকেই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সরেজমিন হালিমপুর গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, পশ্চিম কুতুবপুর থেকে আহতরা ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে পথিমধ্যে একদল লোক তাদের বাধা দেন। আতহরা প্রতিবাদ জানালে তাঁদের ওপর হামলা চালিয়ে কোপানো হয়।  বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অভিযোগ করে বলেন, বিএনপির প্রার্থীর প্রধান কর্মী ও হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়ার কর্মীরা স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন এবং কুপিয়ে মারাত্মক জখম করেন। এদিকে এ ঘটনার জের ধরে হাঁস মার্কার ক্ষুব্ধ একদল লোক শেখদী গ্রামে গিয়ে কাজল ভূঁইয়া, তাঁর ভাইসহ সাত-আটজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। কাজল ভূঁইয়া তাঁর বাড়িঘরে হামলার অভিযোগ করেন। তবে হাঁস মার্কার কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করলে তিনি ফোন কেটে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে