বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন, “ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না।”
তারেক রহমান বলেন, “নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয় এবং বিতর্কহীন হয়, তাহলে কেন ফলাফল মেনে নেবো না? সব দলই মেনে নেবে। তবে একটি শর্ত আছে, নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, এ ধরনের বিষয় কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”
‘এদেশের মালিক সাধারণ জনগণ। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে’-উল্লেখ করেন তিনি।
সারাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে কি না এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে। কারণ এসব ঘটনা ভালো নয়। তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ফল গণনা নিয়ে কেন দেরি হবে? দেরি হওয়ার কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল চাইবে। আমরা আশা করবো নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবে।
তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে এবং সেই সময়সীমার মধ্যেই জনগণ ফলাফল দেখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোট প্রদান শেষে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। পরে গুলশানে তার কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।