শান্তিপূর্ণ ভোট হচ্ছে—কারচুপি হলে মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস

এফএনএস সংবাদপ্রবাহ: | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:১২ পিএম
শান্তিপূর্ণ ভোট হচ্ছে—কারচুপি হলে মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ‘মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন, “এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না।”

মির্জা আব্বাস বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সবার দায়িত্ব। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

একই আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘কেন্দ্রে এজেন্ট ঢ়ুকতে না দেওয়ার’ অভিযোগ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই হেভিওয়েট প্রার্থী বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো চোখে পড়েনি। তবে ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হলে তা মেনে নেওয়া হবে না।

এদিন দুপুর ১২টার দিকে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন মির্জা আব্বাস। এরপর সাড়ে ১২টায় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা এলাকা নিয়ে গঠিত।

আপনার জেলার সংবাদ পড়তে