চাটমোহরে

৩ প্রিজাইডিং অফিসার, ও আনসার সদস্যকে প্রত্যাহার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৩ পিএম
৩ প্রিজাইডিং অফিসার, ও আনসার সদস্যকে প্রত্যাহার

পাবনার চাটমোহরে জামায়াত নেতাদের সাথে বৈঠক করায়,ভোটকেন্দ্রে জামায়াত নেতৃবৃন্দকে প্রবেশ করতে দেওয়ায় দুইজন প্রিজাইডিং অফিসার ও একজন সহকারি প্রিজাইডিং অফিসারকে এবং একজন প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় একজন আনসার সদস্যকে ভোটকেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বুধবার দিবাগত রাতে জামায়াত নেতারা প্রবেশ করায় ওই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত প্রিজাইডিং অফিসার হলেন উপজেলা খাদ্য পরদর্শক মো. রুহুল আমিন। 

জানা গেছে,নিমাইচড়া ইউনিয়নের সমাজ মিয়াপাড়ার ক্কারি জালাল উদ্দিনের ছেলে ছাত্রশিবির পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান (জামান) ও বলজপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে মো.মোখলেছুর রহমানসহ জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসার রুহুল আমিনের সাথে সাক্ষাৎ করেন এবং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে বিষয়টি জানাজানি হলে তারা ভোট কেন্দ্রে যান। তারা তাৎক্ষনিক ঘটনাটি সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও স্থানীয় সাংবাদিকদের অবগত করান। 

এদিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার গভীর রাতে স্থানীয় জামায়াত নেতাদের সাথে গোপন মিটিং করার সময় এলাকাবাসী তাদের আটক করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। প্রত্যাহারকৃত প্রিজাইডিং অফিসার হলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হান্ডিয়াল শাখার কর্মকর্তা সুজন মাহমুদ ও সহকারি প্রিজাইডিং অফিসার জাবরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক। একেন্দ্রে অপর সহকারি প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদকে দায়িত্ব দিয়ে ভোটগ্রহণ করা হয়েছে। 

এছাড়া চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য নাদিম মোল্লা একজন প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি েিদওয়া হয়েছে। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী এসকল বিষয় নিশ্চিত করে জানান,  পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসারদের প্রত্যাহার করেন। ওই দুইটি কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসারদের তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে