বরিশাল-২ আসনের বানারীপাড়া উপজেলার বাইশারী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার টাকাসহ আশিকুল ইসলাম আজাদ নামের এক জামায়াতে ইসলামীর কর্মীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাইশারী বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় টাকাসহ প্রাইভেটকারটি জব্দ করে সেনাবাহিনী। পরে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ওই জামায়াতের কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। আশিকুল ইসলাম আজাদ বানারীপাড়া উপেজেলা জামায়াতের সাবেক আমির নূর মোহাম্মদ মিঞার ভাই আব্দুল হাকিম মিঞার ছেলে। তবে আশিকুল ইসলাম আজাদের দলীয় গুরুত্বপূর্ন কোন পদবী না থাকলেও আগামী পৌরসভা নির্বাচনে তিনি জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হবেন বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
বানারীপাড়া সেনা ক্যাম্প ইনচার্জ মেজর মোহাইমিনুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে সন্দেহজনকভাবে একটি প্রাইভেটকার বাইশারী এলাকা অতিক্রম করছিলো। এসময় টহলরত সেনাবাহিনীর সদস্যরা ওই প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করে। পরে ওই প্রাইভেটকার থেকে ২ লাখ ২০ হাজার টাকা জব্দসহ আশিকুল ইসলাম আজাদকে সেনা ক্যাম্পে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।