দিনাজপুর-৪ আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সমাপ্ত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫৭ পিএম
দিনাজপুর-৪ আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সমাপ্ত

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চিরিরবন্দরে শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে। সরজমিনে ভোট কেন্দ্রের পরিবেশ উৎসব মুখর পরিবেশ ও ঈদের আমেজ পরিলক্ষিত হয়। ভোটকেন্দ্রগুলোর বাইরে কর্মী, সমর্থকরা স্লোগানে মুখরিত করেছে। বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার আমিনুল ইসলাম বলেন, দীর্ঘ দিন পর শান্তিপূর্ন ও স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে পারলাম। বেশ ভালো লাগলো। তবে ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। চিরিরবন্দর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৩১৯ জন। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। ভোট কেন্দ্রে ভোটারদের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগে কোন প্রকার নাশকতা ঠেকাতে আইন শৃংখলা বাহিনী প্রস্তুত ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, নির্বাচন অফিসার আব্দুস সবুর বেলতলী কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যেই মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।  দু’দলের কর্মী, সমর্থক বিজয় নিয়ে দৃঢ় প্রত্যাশা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে