কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় ওমর ফারুক (১৮) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ ও হোসেনপুরে ইমরান মিয়া (২০) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও সহকারী রিটার্নিং অফিসার হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) দুপুরে পৌরসদরের চরপাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় ইমরান মিয়া (২০) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান মিয়া অন্য একজনের পরিচয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।