ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়ক ওমর সানি। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। ধানের শীষের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় সরব ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তিনি। ভোট প্রধান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তারেক রহমানকেই আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। ওমর সানি বলেন, ‘আমার জন্মের পর থেকেই নেতা হিসেবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে দেখেছি। এরপর সবার নেত্রী বেগম খালেদা জিয়া আসলেন। তার নেতৃত্ব দেখলাম। এখন উনাদের পুত্র তারেক রহমান সাহেব আসছেন। তিনি আমাদের সমসাময়িক নেতা। বয়সে কিছুটা সিনিয়র আমাদের। কিন্তু তিনি আমাদের সোনালী প্রজন্মের মানুষ। আমি উনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’ তারেক রহমানের প্রশংসা করে ওমর সানি আরও বলেন, ‘তিনি আগে কি বলেছেন, করেছেন জানিনা। কিন্তু এবার যখন এলেন আমি অনেক চেষ্টা করছিলাম উনার ভুল ধরতে। পারিনি। তিনি সামান্য একটা বিড়াল থেকে শুরু করে মানুষ ও দেশ নিয়ে যে জ্ঞান প্রকাশ করেছেন আমি মুগ্ধ। আর উনার মেয়ে জাইমাকে তো মনে হয় আমারই মেয়ে।’ এসময় তিনি শান্তি, সমৃদ্ধির একটি বাংলাদেশ প্রত্যাশা করেন। শোবিজের তারকাদের রাজনীতি করা নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘যে কেউ রাজনীতি করতে পারে। এটা দোষের নয়। তবে যেখানেরটা যেখানে রাখতে হবে। আমি যখন চলচ্চিত্রের মানুষ তখন আমি সেখানকারই, সবার মানুষ। যখন আমি ব্যক্তি জীবনে আসবো তখন আমি দল করবো, নানা মত প্রকাশ করবো। কিন্তু এফডিসিতে ঢ়ুকলে আমি কেবলই সিনেমার মানুষ। সেখানে ঢ়ুকে এই পরিচয় সেই পরিচয় দেয়া ঠিক নয়।’ ওমর সানির স্ত্রী নায়িকা মৌসুমী নৌকার প্রার্থী হয়েছিলেন। সেই প্রসঙ্গ জানতে চাইলে অভিনেতা বলেন, ‘এটা নিয়ে আমি দ্রুতই একটি ব্যাখ্যা দেবো। আজ কোনো কথা আমি বলতে চাই না।’