ভোলা-৩ আসনে বড় ব্যবধানে জয় পেয়ে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজামুল হক নাঈমকে ৯৬ হাজার ১১৪ ভোটে পরাজিত করেছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এজেন্ট ও বিভিন্ন অসমর্থিত সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, মেজর হাফিজ পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। ফুলকপি প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট। মোট ১১৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে ভোট পড়েছে ৫৮ শতাংশ।
ভোলা-৩ আসনটি লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত। রয়েছে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন। মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৭ হাজার ১৭, নারী ১ লাখ ৮৭ হাজার ৫৭৭ এবং হিজড়া ভোটার ৩ জন।
বিজয়ের প্রতিক্রিয়ায় মেজর হাফিজ বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। বারবার জনগণের কাছে যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকব।” তার সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতি ও এলাকায় সক্রিয় ভূমিকা তাকে আবারও এগিয়ে দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় ব্যবধান ইঙ্গিত দিচ্ছে যে এই আসনে ধানের শীষের সংগঠনগত শক্ত অবস্থান রয়েছে। টানা সপ্তমবার নির্বাচিত হওয়া স্থানীয় রাজনীতিতে মেজর হাফিজের প্রভাবেরই প্রতিফলন।