ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিজয়ী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৩৯ এএম
ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে দেখা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয়ী হন জামায়াতের এই প্রার্থী।

ঢাকা-১৫ আসনের ভোট গ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৪০ হাজার ৪৮০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ১৪২ এবং নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৩৮। নির্বাচনে অংশ নেন মোট আট প্রার্থী। প্রধান প্রতিদ্বন্দ্বীরা ছিলেন জামায়াতের শফিকুর রহমান এবং বিএনপির শফিকুল ইসলাম। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. সামসুল হক, কাস্তে প্রতীকের আহাম্মদ সাজেদুল হক, নীলাভ পারভেজসহ আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বী অংশ নেন।

নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, “ডা. শফিকুর রহমানের এই জয় মূলত স্থানীয় রাজনৈতিক জ্ঞান ও দৃঢ় ভোটভিত্তির ফল। প্রার্থীর জয়ের ব্যবধান প্রায় ২০ হাজার ভোট, যা তার শক্তিশালী সমর্থন প্রমাণ করে।” জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান বলেন, “ঢাকা-১৫ আসনে জনগণের আস্থা আমাদের প্রার্থীকে জয়ী করেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট।”

বেসরকারি ফলাফলের পরে নির্বাচনী কর্মকর্তারা জানান, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হবে। নির্বাচনের পর বিভিন্ন এলাকায় সমর্থকরা আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে