চাঁদপুর-১ আসনে জয়ী বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫১ এএম
চাঁদপুর-১ আসনে জয়ী বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান (রাসেল) বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত বেসরকারি ফলাফলের ভিত্তিতে মিলন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

এ আসনে মোট ১১০টি ভোটকেন্দ্রের ফলাফলের ভিত্তিতে এই বিজয় নিশ্চিত হয়েছে। ভোটাররা সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সাধারণ ভোটাররা বলেন, “উন্নয়নমূলক কাজ ও রাজনৈতিক অভিজ্ঞতার প্রতি আস্থা রেখেই আমরা মিলনকে পুনরায় নির্বাচিত করেছি।”

ফলাফল ঘোষণার পর মিলন সমর্থকদের উদ্দেশে বলেন, “আমার এই বিজয় কচুয়াবাসীর বিজয়। আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এই জয় আমি আমার প্রিয় কচুয়াবাসীকে উৎসর্গ করছি।” স্থানীয় নেতারা মনে করেন, মিলনের দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিচিতি এবং জনসাধারণের আস্থা এ বিজয়ে প্রধান ভূমিকা রেখেছে।

একই দিনে শরীয়তপুর-৩ (ডামুড্যা–গোসাইরহাট–ভেদরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (ধানের শীষ) ৮৫টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে ছিলেন। তিনি ৭৫ হাজার ৪২৩ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৮ হাজার ২১৩ ভোট।