ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনে বেসরকারি ফলাফল অনুযায় বিএনপির বিজয় হয়েছে ৫টি তে এবং নোয়াখালী-৬ আসনে জয় পেলেন এনসিপি’র হান্নান মাসউদ। তিনি ১১ দলীয় জোটের অন্তর্ভূক্ত।
নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
বিজয়ের প্রতিক্রিয়ায় আব্দুল হান্নান মাসউদ বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি। পুরো হাতিয়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। ভোটাররা এত ভীতিকর পরিস্থিতিতেও কেন্দ্রে গিয়েছে। বিশেষ করে নৌবাহিনী ও কোস্টগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, কারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে সেটি এখন বিষয় নয়। আমি যেহেতু হাতিয়ার প্রতিনিধি, তাই দলমত নির্বিশেষে সকলকে নিয়ে নতুন হাতিয়া বিনির্মাণে কাজ করে যাব। গত কয়েকদিনে যে বাড়িঘরে হামলা হয়েছে, সুষ্ঠু তদন্ত করে প্রশাসন যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে বিএনপির বিজয়ী প্রার্থীরা হলেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনে এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ২ (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) আসনে জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে মো. শাহজাহান ও নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট ও সদর উপজেলার দুই ইউনিয়ন) আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম।
বিএনপির বিজয়ী প্রার্থীদের ফলাফল:
নোয়াখালী-১ আসনে বিএনপির এ এম মাহমুদ উদ্দিন খোকন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছায়েফ উল্যাহ পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।
নোয়াখালী-২ আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক হোসেন পেয়েছেন ৮৩ হাজার ৯৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিবন্ধী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট। নোয়াখালী-৩ আসনে বিএনপির বরকত উল্যাহ বুলু পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।
নোয়াখালী-৪ আসনে বিএনপির মো. শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
নোয়াখালী-৫ আসনে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সারাদিন ভোটগ্রহণ শেষে সন্ধ্যা থেকে গণনার কাজ শুরু হয়।