ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরুষ্কুশ বিজয় হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। কলে তিনি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন।
নরেন্দ্র মোদি লিখেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে তাঁর যে প্রচেষ্টা, তাতে আমার শুভকামনা ও সমর্থনের কথা জানিয়েছি।”
‘বাংলাদেশ ও ভারত ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী। উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে’-উল্লেখ করেন তিনি।
এর আগে সকালে এক্সে দেওয়া পোস্টেও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও সেটি শেয়ার করা হয়।
প্রায় দুই দশক পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেও প্রথমবারের মতো প্রার্থী হয়ে জয় লাভ করেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।