যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক নির্বাচিত

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৪ পিএম
যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯, যশোর-৫ (মণিরামপুর) আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক  ১ লাখ ৩০ হাজার ৫৯৬ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেন কলস প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ২৭৬ ভোট। অপর দিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রশিদ আহমাদ পেয়েছেন ৫৪ হাজার ৪১৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন টিপু (হাতপাখা) প্রতীকে পেয়েছেন  ৪ হাজার ৩৭৮ ভোট, জাতীয় পার্টির এম. এ হালিম (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৯৪ ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান (ফুটবল) প্রতীকে ২ হাজার ৭৮ ভোট পেয়েছেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সম্রাট হোসেন জানান,  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মণিরামপুরের ১২৮টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদের যশোর-৫ মণিরামপুর আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন ভোটারের মধ্যে ১২৮টি ভোটকেন্দ্রে ২ লাখ ৮২ হাজার ৫৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে বৈধ ভোটারের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৯৩৭ জন।

আপনার জেলার সংবাদ পড়তে