বরিশালে জামানত বাজেয়াপ্ত ২০ প্রার্থীর

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৩ এএম
বরিশালে জামানত বাজেয়াপ্ত ২০ প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনের ৩৬ জন প্রার্থীর মধ্যে ২০ জন প্রার্থী প্রয়োজনীয় আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। জামানত বাজেয়াপ্তদের মধ্যে বরিশাল-১ আসনের জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীক নিয়ে ছেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ১ হাজার ৭৩৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে মো. রাসেল সরদার পেয়েছেন ৬ হাজার ৮৪৬ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিলো ২ লাখ ৩ হাজার ৮৬০। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-২ আসনে জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীক নিয়ে আব্দুল হক পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট। জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে এমএ জলিল পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ নেছার উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২১ ভোট। জাসদের মো. আবুল কালাম আজাদ মোটরগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৫ ভোট। গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭০০ ভোট এবং এনপিপির সাহেব আলী আম প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৫ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭৫। ফলে এ আসনের উল্লেখিত ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-৩ আসনে ট্রাক প্রতীক নিয়ে এইচএম ফারদিন ইয়ামিন পেয়েছেন ৮৬০ ভোট। জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু নাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ১৮৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মাদ সিরাজুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৩২৫ ভোট। মই প্রতীক নিয়ে আজমুল হাসান জিহাদ পেয়েছেন ২১৪ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৭৭ হাজার ৭১৬। ফলে এ আসনের চারজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-৪ আসনে মুক্তিজোটের আব্দুল জলিল ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৩ ভোট। জাসদের আব্দুস সালাম খোকন মোটরগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৪ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিলো ২ লাখ ৪৫ হাজার ৪। ফলে এ দুইজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-৫ আসনে জাতীয় পার্টির আখতার রহমান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৯০৯ ভোট। এনপিপির আব্দুল হান্নান সিকদার আম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৪ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৩০০ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৬২ হাজার ৪৭০। ফলে উল্লেখিত তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-৬ আসনে বাংলাদেশ মুসলিম লীগের আব্দুল কুদ্দুস হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম খান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৬ ভোট এবং গণঅধিকার পরিষদের মো. সালাউদ্দিন মিয়া ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৯ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৭১ হাজার ১৩৮। ফলে ওই আসনের এই তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বরিশালের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে