বাবার কবরের পাশেই দাফন করা হলো মালয়েশিয়ায় খুন হওয়া আলম শেখের মরদেহ। শুক্রবার দেশে আনা হয়েছে মালয়েশিয়ায় দুই বন্ধুর হাতে খুন হওয়া মোহাম্মদ আলম শেখ (৫০) এর মরদেহ। শুক্রবার বাদ এশার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মৃত মফিজউদ্দিনের ছোট ছেলে মোহাম্মদ আলম শেখের লাশ পূর্ববুড়দিয়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজার পর বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়। আলমের মরদেহ বিকেলে তার গ্রামের বাড়ি নয়াবাড়ি এলাকায় পৌছানোর পরই শত শত গ্রামবাসী তাদের বাড়িতে ভীড় জমায়। ১৩ দিন পর আলমের মরদেহ দেশে ফিরেছে। আলমের স্ত্রী সাথী বেগম ও দুই কন্যা এবং আত্মীয় স্বজন বার বার মূর্ছা যাচ্ছে। তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। উল্লেখ্য গত ৩১ শে জানুয়ারী সকালে আলমের বাসায় বেড়াতে আসা ফারুক ও পান্নু দুই বন্ধু মিলে খুন করে তার সবকিছু নিয়ে পালিয়ে যায়। আলমের পরিবার জানায় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ ফেব্রুয়ারী আলমের বাড়ি ফেরার কথা ছিল ঘাতকরা তাকে আর জীবিত অবস্থায় দেশে ফিরতে দেয়নি। নিহত আলমের বড়ভাই শাহআলম জানান আলম খুন হওয়ার বিষয়ে মালয়েশিয়ায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ফারুক ও পান্নুকে আসামি করে। পুলিশ বিষয়টি তদন্ত করছেন বলে তিনি জানান। তবে এই বিষয়ে আলমের নিজ থানায় পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করতে চাইলে থানা পুলিশ বিষয়টি আমলে নেয়নি বলে জানান পরিবারের লোকজন। এই বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মৃধা জানান খুনটি যেহেতু বাংলাদেশে ঘটেনি তাই এখানে অভিযোগ নেয়ার কোন সুযোগ নেই। তবে বিষয়টি আমার খোঁজখবর নিচ্ছি।