পিরোজপুরের-২ আসনে ৫ প্রার্থী জামানত হারালেন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৮ পিএম
পিরোজপুরের-২ আসনে ৫ প্রার্থী জামানত হারালেন

পিরোজপুরের-২ আসনে ৭ প্রার্থীর ৫ জনই জামানত হারলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে অংশ নেন মোট সাতজন প্রার্থী। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী বৈধ মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে এ আসনে পাঁচজন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতের ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর মধ্যে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী। এই দুই প্রার্থী ছাড়া বাকি পাঁচজন প্রার্থী কাঙ্খিত ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত বাতিল হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রার্থী  ফয়সাল খান, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন, গণঅধিকার পরিষদের প্রার্থী  আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন। এ আসনে ১৬৬টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন মোট ১ লাখ ৪ হাজার ৪১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম বিন সাঈদী পেয়েছেন ৯৫ হাজার ১৭৩ ভোট।