পিরোজপুর-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিজিত প্রার্থী বিএনপির আলমগীর হোসেনের বাসায় গিয়ে তাঁর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আজ শনিবার দুপুরের দিকে পিরোজপুর শহরের বাসায় দলীয় নেতা কর্মীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানাতে যান জামায়াতের এ সংসদ সদস্য। এ সময়ে দুজনার মধ্যে কুশল বিনিময়সহ মিষ্টিমুখের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ এক পরিবেশ সৃষ্টি হয়। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, “আমরা সকলে মিলে-মিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলবো। আমাদের মাঝে দলীয় বিভাজন নয়, থাকবে ভ্রাতৃত্ব ও সমপ্রীতি।” বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থা, পানির সমস্যা সমাধানসহ এলাকার উন্নয়নে যাবতীয় কাজ বিএনপি থেকে নির্বাচন করা বিজিত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে সার্বিক ভূমিকা রাখবেন। বিএনপি নেতা আলমগীর হোসেন মাসুদ সাঈদীকে স্বাগত জানিয়ে পিরোজপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জেলার উন্নয়নে তাকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং জেলা টিম সদস্য রাকিবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রসঙ্গত পিরোজপুর-১ আসনে নির্বাচন প্রচারনাকালে উল্লেখ করার মতো তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।