শপথের প্রস্তুতি সম্পন্ন, আজই চিঠি পেতে পারে ইসি

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫১ পিএম | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৭ পিএম
শপথের প্রস্তুতি সম্পন্ন, আজই চিঠি পেতে পারে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক চিঠি রোববার, ১৫ ফেব্রুয়ারি পেতে পারে নির্বাচন কমিশন। শপথ আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, “চিঠি আজই পেতে পারে কমিশন। সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি নেওয়া রয়েছে।” তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রশাসনিক প্রক্রিয়া এখন শেষ ধাপে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একইদিন বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। ১৩ ফেব্রুয়ারি ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম ২ ও ৪ আসনের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয় পেয়েছে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিকরা পেয়েছে ৩টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর আবার সরকার গঠনের পথে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দলটির প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

এখন নজর শপথ অনুষ্ঠানের দিকে। সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন সরকারের যাত্রা।

আপনার জেলার সংবাদ পড়তে