রাজশাহীতে ২ প্রার্থীর ভোট পুনরায় গণনার দাবিতে আবেদন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৯ পিএম
রাজশাহীতে ২ প্রার্থীর ভোট পুনরায় গণনার দাবিতে আবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর পরাজিত দুই বিএনপি প্রার্থী ভোট পুনরায় গণনার দাবিতে আবেদন করেছেন। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) ও রাজশাহী-৪ (বাগমারা) আসনে পরাজিত বিএনপির দুই প্রার্থী ভোট পুনরায় গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। রাজশাহী-১ আসনের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন শুক্রবার রাতে এবং রাজশাহী-৪ আসনের ডিএমডি জিয়াউর রহমান শনিবার এ আবেদন করেন। ডিএমডি জিয়াউর রহমান আবেদনে লেখেন, নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম, ভোট কারচুপি ও প্রশাসনের কিছু অংশ ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রশ্নবিদ্ধ নির্বাচনের বিতর্কিত ফলাফল ঘোষণা করা হয়। অভিযোগে তিনি পোস্টাল ব্যালটে ভোট গণনাসহ বিভিন্ন কেন্দ্রে অনিয়মের কথা তুলে ধরেন।  এছাড়া ভোটারদের মধ্যে ভীতি প্রদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ করে জখম করার বিষয়টি তুলে ধরা হয়। তিনি দাবি করেন, প্রিসারডিং অফিসারকে বের করে দিয়ে মনগড়াভাবে ফলাফল তৈরি করে তা প্রকাশ করা হয়েছে। এদিকে রাজশাহী-১ আসনের বিএনপির পরাজিত প্রার্থী শরীফ উদ্দীন লিখিত আবেদনে বলেছেন, নির্বাচনে প্রায় ৮ হাজার ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। এত বিপুল সংখ্যক ভোট বাতিল হওয়ার পেছনে কী কারণ ছিল তা আমাদের কাছে অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ। ভোটের দিন কিছু কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের ভূমিকা ছিল স্পষ্টত পক্ষপাতদুষ্ট। একই ইউনিয়ন বা এলাকার অন্যান্য কেন্দ্রে আমরা বিপুল ভোটে জয়ী হলেও কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে অস্বাভাবিকভাবে ফলাফল পরিবর্তিত হয়েছে। এতে নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’-এর সুস্পষ্ট আলামত রয়েছে।’আবেদন দুটি পেয়ে পরবর্তী করণীয় বিষয়ে নির্দেশনা চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার রাতেই নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন।  উল্লেখ্য, ১ হাজার ৮৮৪ ভোটে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন। এখানে বিজয়ী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আর ৫ হাজার ৭৬৫ ভোটে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর কাছে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান। রাজশাহীর বাকি চারটি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে