যশোরের অভয়নগর উপজেলায় প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার জেরে এক যুবক নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। ঘটনাটে ঘটে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধোপাদী গ্রামের নতুন বাজার হাড়িভাঙা এলাকায় হাবিবুর রহমানের বাড়ির সামনে। দগ্ধ যুবকের নাম অন্তর বিশ্বাস (৩০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ট্রাকের হেলপার। স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে অন্তর উপজেলার আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাসায় ওঠেন। ওই সময় ধোপাদী গ্রামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে বিয়ের প্রস্তাব দিলে মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। এরপর ক্ষুব্ধ ও হতাশ হয়ে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। অন্তরের সহকর্মী ট্রাকচালক সোহাগ হোসেন জানান, “দীর্ঘদিন ধরে সে আমার ট্রাকে হেলপার হিসেবে কাজ করছে। মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল। পরিবার রাজি না হওয়ায় সে ভেঙে পড়ে। পরে এমন কান্ড ঘটিয়েছে বলে শুনেছি।” এলাকাবাসী জানান, রাত ১১টার দিকে হাড়িভাঙা এলাকায় রাস্তার পাশে অগ্নিদগ্ধ অবস্থায় অন্তরকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, “রোগীর শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই খুলনা (২৫০ বেড) মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।