প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন সুইফট

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৭ পিএম
প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন সুইফট

নাম ও জনপ্রিয়তাকে পুঁজি করে পণ্য বিক্রির চেষ্টার অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। ‘সুইফট হোম’ নামে ট্রেডমার্ক ব্যবহার করে বিছানার চাদর ও বেডিং সামগ্রী বিক্রির আবেদনের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে অভিযোগ জমা দিয়েছেন এই গায়িকা। নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ‘ক্যাথে হোম’ তাদের পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য ‘সুইফট হোম’ নামটির স্বত্ব চেয়ে আবেদন করে। তবে সুইফটের আইনজীবীদের দাবি, প্রতিষ্ঠানটি ‘সুইফট’ শব্দটি যেভাবে উপস্থাপন করেছে, তা গায়িকার ব্যক্তিগত স্বাক্ষরের হুবহু নকল। এর ফলে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হয়ে পণ্যগুলোকে টেইলর সুইফটের নিজস্ব ব্র্যান্ড বা তার অনুমোদিত বলে মনে করতে পারেন। সুইফটের আইনি প্রতিনিধি প্রতিষ্ঠান ‘টিএএস রাইটস ম্যানেজমেন্ট এলএলসি’ জানায়, গায়িকার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পরিচিতি ব্যবহার করে নিজেদের ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যেই এই নামটি বেছে নিয়েছে ক্যাথে হোম। আবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে গ্রাহকদের কাছে একটি ‘ভুল বার্তা’ পৌঁছাবে। টেইলর সুইফটের নামে বর্তমানে যুক্তরাষ্ট্রে ৩০০-এর বেশি ট্রেডমার্ক নিবন্ধিত রয়েছে। এর মধ্যে তার নাম, অ্যালবামের শিরোনাম এমনকি তার গানের কলিও রয়েছে। বিছানার চাদর, পোশাক এবং সংগীত সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যে তার নাম ও স্বাক্ষর ব্যবহারের আইনি অধিকার একান্তই তার। বিশ্বজুড়ে রেকর্ড ভাঙা কনসার্ট ট্যুেরর কল্যাণে টেইলর সুইফটের মোট সম্পদ ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকা) ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় এই তারকা নিজের ব্র্যান্ড ভ্যালু রক্ষায় বরাবরই কঠোর অবস্থান নিয়ে থাকেন। এখন পর্যন্ত এই অভিযোগের বিষয়ে ক্যাথে হোম কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে