একপেশে লড়াই, পাকিস্তানকে ৬১ রানে উড়িয়ে সুপার এইটে ভারত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪০ পিএম
একপেশে লড়াই, পাকিস্তানকে ৬১ রানে উড়িয়ে সুপার এইটে ভারত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার (১৫ ফেব্রুয়ারি) গ্রুপ এ’র ম্যাচে আগে ব্যাট করে ১৭৫ রান তোলে ভারত। জবাবে ১৮ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

ত্রয়োদশ আসরের এই বহুল আলোচিত ম্যাচ নিয়ে মাঠের বাইরেও উত্তাপ ছিল। তবে মাঠে আধিপত্য ছিল একদম স্পষ্ট। তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপের শীর্ষে উঠে সুপার এইট নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। পাকিস্তানের বিপক্ষে এটি ভারতের বড় জয়ের রেকর্ডও।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। শূন্য রানে ফেরেন অভিষেক শর্মা। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ইশান কিষান। তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৪৬ বলে ৮৭ রানের জুটি। কিষান ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রান করেন। মাত্র ২৭ বলেই পূর্ণ করেন ফিফটি।

ইশানের ঝড় থামান সাইম আইয়ুব। তিনি ২৫ রানে ৩ উইকেট নেন। মাঝপথে তিলক ভার্মা ২৫ ও হার্দিক পান্ডিয়াকে শূন্য রানে ফিরিয়ে পাকিস্তান ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে শেষদিকে সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ ও শিভম দুবে ১৭ বলে ২৭ রান করে দলকে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানে পৌঁছে দেন।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে পাকিস্তান। দুই ওভারের মধ্যে ১৩ রানে ৩ উইকেট হারায় তারা। হার্দিক পান্ডিয়া ফেরান সাহিবজাদা ফারহানকে। জসপ্রিত বুমরাহর একই ওভারে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আলী আগা।

বাবর আজমও বেশিক্ষণ টিকতে পারেননি। ৭ বলে ৫ রান করে আউট হন। পাওয়ার প্লে শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৮। বিপর্যয়ের মধ্যে লড়াই চালান উসমান খান। ৩৪ বলে ৪৪ রান করেন তিনি। তবে অক্ষর প্যাটেলের বলে স্টাম্পড হওয়ার পর পাকিস্তানের আশা শেষ হয়ে যায়।

শেষদিকে বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়া লেজ গুটিয়ে দেন। বুমরাহ, অক্ষর, পান্ডিয়া ও বরুণ প্রত্যেকে ২টি করে উইকেট নেন। কুলদীপ যাদব নেন ১টি।

ম্যাচে পাকিস্তান ছয়জন স্পিনার ব্যবহার করে, যা টি টোয়েন্টি বিশ্বকাপে একটি রেকর্ড। তবে কৌশল কাজে আসেনি। ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ‘ম্যান ইন গ্রিন’রা।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার এইট নিশ্চিত করল ভারত।