ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, দীর্ঘ অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১২ এএম
storage/2026/february/16/news/bangla-actress-tania-bristi_69920c8806326-1771179144.jpg
তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাঁকে পোস্ট অপারেটিভ কেয়ারে রেখেছেন।

অভিনেত্রীর অসুস্থতার খবর প্রথমে জানানো হয় তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে। সেখানে লেখা হয়, “আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তাঁর সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার অনুরোধ করছি।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে হাসপাতালের বেডে বসা একটি ছবি পোস্ট করে তানিয়া নিজেই লিখেছিলেন, “কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।” পোস্টটি প্রকাশের পর থেকেই সহশিল্পী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

রোববার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে কথা বলেন পরিচালক সকাল আহমেদ। তিনি জানান, বেশ কিছুদিন ধরে তানিয়া তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে ব্রেন টিউমার। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

সন্ধ্যার পর সকাল আহমেদ বলেন, “অস্ত্রোপচার সফল হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন আপাতত কোনো জটিলতা নেই। তাঁকে পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে কেবিনে নেওয়া হবে।”

রোববার রাত পৌনে ১১টায় নির্মাতা হাসান রেজাউল ফেসবুকে লেখেন, “আল্লাহর রহমতে অভিনেত্রী তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে। পোস্ট অপারেটিভ জটিলতা থাকতে পারে, তাই এখনই বিপদমুক্ত বলা যাচ্ছে না। সবাই দোয়া করবেন।”

সহকর্মীদের মাঝেও দেখা গেছে আবেগঘন প্রতিক্রিয়া। অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, “হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।”

এই প্রজন্মের ব্যস্ত নাট্যাভিনেত্রীদের একজন তানিয়া বৃষ্টি। সাম্প্রতিক সময়ে একক নাটকে নিয়মিত কাজ করে দর্শকের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। ‘সুইট প্রেমিক’, ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’সহ একাধিক নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা গুরুত্বপূর্ণ। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। এখন সবার একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরুন তানিয়া বৃষ্টি।

আপনার জেলার সংবাদ পড়তে