বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আলোচিত স্বয়ংক্রিয় বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনের জন্য সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ উপস্থাপনা অনুষ্ঠিত হবে। সফটওয়্যারে বড় কোনো ত্রুটি না থাকলে সেদিনই চূড়ান্ত অনুমোদন দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানায়, দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সফটওয়্যারটি উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ১০ ফেব্রুয়ারি ডেমো সভা হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা স্থগিত করা হয়। ফলে বদলি কার্যক্রম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. হেলালুজ্জামান সরকার বলেন, “শিক্ষকদের বদলি সফটওয়্যারের ডেমো নিয়ে সোমবার সভা হবে। সফটওয়্যারটি এখন কী অবস্থায় আছে, কর্মকর্তারা তা দেখবেন। সভা শেষে বিস্তারিত জানানো যাবে।”
এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের দীর্ঘদিন বদলির সুযোগ ছিল না। তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে আবেদন বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে আন্দোলন শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় বদলি চালুর উদ্যোগ নেয় এবং একটি নীতিমালা প্রণয়ন করে।
তবে শিক্ষকদের একাংশের রিট, সফটওয়্যার প্রস্তুতে বিলম্ব ও নীতিমালা সংশোধনসহ নানা কারণে কার্যক্রম শুরু হয়নি। সংশোধিত নীতিমালা জারি হলেও প্রযুক্তিগত প্রস্তুতি শেষ না হওয়ায় বাস্তবায়ন ঝুলে ছিল। এবার ডেমো উপস্থাপনার মধ্য দিয়ে সেই জট কাটার আশা দেখছেন সংশ্লিষ্টরা।
সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। থাকবেন ব্যানবেইস ও এনটিআরসিএর প্রতিনিধিরাও। কারিগরি দিক উপস্থাপনের জন্য আইটি বিশেষজ্ঞরা অংশ নেবেন। স্বয়ংক্রিয় বদলি সফটওয়্যার বাস্তবায়নে কারিগরি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে টেলিটকের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টদের মতে, সফটওয়্যার কার্যকর হলে শিক্ষক বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আসবে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শিক্ষকদের কাঙ্ক্ষিত বদলি কার্যক্রম শুরু হওয়ার পথও খুলতে পারে।