জাতীয় সরকারে নয়, শক্তিশালী বিরোধী দল হিসেবেই থাকবে জামায়াত: তাহের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৫ এএম
জাতীয় সরকারে নয়, শক্তিশালী বিরোধী দল হিসেবেই থাকবে জামায়াত: তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা জাতীয় সরকারে যোগ দেবে না। সংসদে এবং সংসদের বাইরে ‘শক্তিশালী’ বিরোধী দল হিসেবেই দায়িত্ব পালন করবে দলটি। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় দলীয় আমিরের বাসভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে তারেক রহমান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছান। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তাহের। তিনি বলেন, “এটা একটি সৌজন্য সাক্ষাৎ। আমরা এটাকে স্বাগত জানাই। এ ধরনের নতুন সংস্কৃতি নিজেদের ভেতরে থাকাটা একটি গুণগত পরিবর্তন।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত ২৯৭ আসনের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াতের ঝুলিতে গেছে ৬৮টি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকের আলোচনার বিষয়ে তাহের জানান, দুই দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছি। ফ্যাসিবাদের পতনের পর এবার আলাদাভাবে নির্বাচন করেছি। আগামী দিনে সরকার ও বিরোধী দল সমন্বিতভাবে দেশের কল্যাণে কাজ করতে পারব বলে আশা করছি।”

জাতীয় সরকারে অংশ নেওয়ার প্রশ্নে তিনি স্পষ্ট করেন, “জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। আমরা কনস্ট্রাক্টিভ শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করব।”

নতুন সরকারের প্রতি অগ্রাধিকার নির্ধারণের আহ্বানও জানিয়েছে জামায়াত। তাহের বলেন, “প্রথম কথা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার যেন এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করে।”

তিনি আরও বলেন, অর্থনীতি ও জনগণের মৌলিক প্রয়োজন যেমন খাদ্য, বাসস্থান ও শিক্ষা নিয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচন পরবর্তী সহিংসতা, হামলা ও ধর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে তাহের বলেন, “বিভিন্ন জায়গায় কিছু অঘটন ঘটেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সিরিয়াস ভূমিকা নেবে বলে আশা করছি।”

দুই দলের মধ্যে ভবিষ্যতে মতপার্থক্য হলে আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়েও একমত হয়েছে বলে জানান তিনি। তাহেরের ভাষায়, “পজিটিভ যেকোনো বিষয়ে আমরা সহযোগিতা করব। জনগণের স্বার্থের বিরুদ্ধে কিছু হলে প্রতিবাদ করব।”

আপনার জেলার সংবাদ পড়তে