পিরোজপুরে দুর্বৃত্তরা বিএনপির দুই নেতাকে কুপিয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আহতরা হলেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির ও তার ভাতিজা উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সমপাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। আহত নাসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পিরোজপুর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। আহত রিয়াজ উদ্দিন জানিয়েছেন, রোববার রাত ১১ টার দিকে তারা দ’ুজন একটি মোটর সাইকেলে বাড়ী ফিরছিলেন। এ সময়ে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি পাড়েরহাট বাসস্ট্যান্ডে তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দু’জনেরই শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পিরোজপুর সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।