সুপার এইটের পথে কঠিন সমীকরণে পাকিস্তান

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৭ পিএম
সুপার এইটের পথে কঠিন সমীকরণে পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানে হেরে সুপার এইটে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েছে পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে পড়ে তারা নেমে গেছে তৃতীয় স্থানে। এতে সমান পয়েন্ট নিয়েও যুক্তরাষ্ট্র উঠে এসেছে দুই নম্বরে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৭৫ রান। ইশান কিশানের ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস ছিল ইনিংসের ভিত্তি। সূর্যকুমার যাদব ৩২, তিলক ভার্মা ২৫ ও শিবম দুবে ২৭ রান যোগ করেন। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ২৫ রানে ৩ উইকেট নেন।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। উসমান খান ৪৪ রান করেন। শাহিন আফ্রিদি অপরাজিত ২৩ রান করেন। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী নেন দুটি করে উইকেট।

এই জয়ে তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ভারত। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সুপার এইট। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ।

অন্যদিকে পাকিস্তানের নেট রানরেট নেমে গেছে মাইনাস ০.৪০৩ এ। যুক্তরাষ্ট্র চার ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেট প্লাস ০.৭৮৮ থাকায় এগিয়ে আছে। ফলে পাকিস্তানের সামনে এখন একটাই পথ খোলা। বুধবার নামিবিয়াকে হারাতে হবে। হারলেই বিদায় নিশ্চিত। ম্যাচ পরিত্যক্ত হলেও পাকিস্তান এগোবে।

তিন ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে নামিবিয়া আগেই ছিটকে গেছে। কিন্তু কাগজে কলমে দুর্বল হলেও চমক দেখানোর সামর্থ্য আছে তাদের। ফলে পাকিস্তানের জন্য শেষ ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা মরার লড়াই।

নেদারল্যান্ডসের সম্ভাবনাও খুব ক্ষীণ। তাদের ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে। পাশাপাশি পাকিস্তানকে হারাতে হবে নামিবিয়াকে। তারপরও নেট রানরেটের হিসাব মেলাতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। বাস্তবতা বলছে, সেই সমীকরণ সহজ নয়।

সব মিলিয়ে গ্রুপ ‘এ’-তে ভারতের জায়গা নিশ্চিত হলেও দ্বিতীয় দল কে হবে, তা নির্ধারণ করবে শেষ ম্যাচগুলোর ফল। পাকিস্তানের জন্য সমীকরণ স্পষ্ট, জয় ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই।

আপনার জেলার সংবাদ পড়তে