অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার বিরুদ্ধে গান চুরির অভিযোগ তুলে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেছেন ধ্রুপদী সংগীতশিল্পী ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর। অভিযোগ, তামিল চলচ্চিত্র ‘পোন্নিয়িন সেলভান ২’-এর ‘বীর রাজা বীর’ গানে তার পুরোনো সৃষ্টি ‘শিব স্তুতি’র একটি অংশ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, পোন্নিয়িন সেলভান ২ ছবির গানটিতে সুর ও ভাবের মিল রয়েছে ‘শিব স্তুতি’র সঙ্গে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রশংসা পেলেও নতুন এই অভিযোগে ফের আলোচনায় এলেন রহমান।
ভারতের সুপ্রিম কোর্টের বেঞ্চে শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয় মাল্য বাগচী। শুনানিতে বিচারপতি বাগচী বলেন, “আমরা তদন্ত করতে চাই প্রকৃত রচয়িতা কে। শুধু গান পরিবেশন করলেই কেউ তার স্রষ্টা হয়ে যান না। প্রমাণ করতে হবে এর আগে অন্য কারও একই সুর ছিল কি না।”
প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, ডাগর বাণীর আলাদা পরিচয়ের প্রয়োজন নেই। ডাগর পরিবার ও তাদের ধ্রুপদ সংগীতের ঐতিহ্য বিশ্বজুড়ে সম্মানিত।
এদিকে রহমানের পক্ষের আইনজীবী আদালতে বলেন, “আমরা কখনও কারও অধিকার দাবি করি না। কিন্তু যখন আমাদের মক্কেল কোনো সৃষ্টি করেন, তখন সেটির স্বত্ব দাবি করেন।”
প্রথম দিনের শুনানি শেষে আদালত মামলাটি মুলতবি ঘোষণা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন করে এই অভিযোগে ভারতজুড়ে সঙ্গীত অঙ্গনে তুমুল আলোচনা শুরু হয়েছে।