কাহারোলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:১০ পিএম
কাহারোলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ টি ইউনিয়নে মাঠে মাঠে কৃষকের জমিতে শোভা পাচ্ছে সরিষার ক্ষেত। মাঠের পর মাঠ রাস্তার উভয় পার্শ্বে বিস্তির্ণ মাঠে সরিষার ক্ষেত। কৃষকেরা আশা করছেন বাম্পার ফলনের। সরিষার দাম যদি ভালো পাওয়া যায় তাহলে লাভের মুখ দেখবেন সরিষা চাষীরা। গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সরিষা চাষীরা সরিষা ক্ষেতে বালই নাশক দিয়ে পোকা দমন করছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। গত বছর প্রতি হেক্টর জমিতে ১.৫৮ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে। কৃষকেরা আশা করছেন এবার গত বছরের তুলনায় ফলন আরও বেড়ে যাবে। উপজেলার বিভিন্ন এলাকায় বারী-১৮,১৭,১৪,১৫ ও ৯ জাতের সরিষা চাষ করা হয়েছে। উপজেলার তারগাঁও গ্রামের কৃষক রবি চন্দ্র রায় জানান, তিনি এবার ১ একর জমিতে বারী-১৭ ও ১৮ জাতের সরিষা চাষ করেছেন। বর্তমানে গাছের দানা ভালো হয়েছে। ভালো ফলনের আশা করছেন তিনি। একই গ্রামের কৃষক হরি কান্ত বলেন, বাজারে এবার সরিষার দাম ভালো পাওয়া গেলে উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকের লাভ হতে পারে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বলেন, উপজেলায় ১৩শত জন কৃষককে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। প্রতি ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষার বীজ ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিনা মুল্যে দেওয়া হয়েছে। কৃষকদের সকল প্রকার সহযোগীতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ কাজ করছেন কৃষকদের নিয়ে।