মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন সিলেটের দুই নবনির্বাচিত সংসদ সদস্য। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের শপথ গ্রহণের জন্য ফোন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজ বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
সূত্র জানায়, তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি।’ তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আরিফুল হক চৌধুরীও। তিনি বলেন, ‘সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সকলের দোয়া চাইছি।’ তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।
এছাড়া সিলেট-১ আসনে ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে বিজয়ী হন খন্দকার আব্দুল মুক্তাদির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। মুক্তাদির তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪১ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।