ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচনের ফল মেনে নিয়ে পরে বিরোধিতার নাটক না করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। ৬৮টি আসন নিয়ে জামায়াতে ইসলামী সংসদে বিরোধী দলে বসছে। এমন প্রেক্ষাপটে মাহফুজ আলমের এই বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!”
আরও লেখেন, “জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।”
মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা হিসেবেও তিনি পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফল ও শপথ ঘিরে বিরোধী রাজনীতির অবস্থান নিয়ে প্রশ্ন তোলার প্রেক্ষাপটেই তার এই মন্তব্য। যদিও পোস্টে তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি।
তার স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। সমর্থক ও সমালোচক উভয় পক্ষই বিষয়টি নিয়ে সরব হয়েছেন।