সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ১২ শ মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ২ বোতল কীটনাশক, দা, কুড়াল, ছুরি সহ হরিণ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে সুতিবাজারের পাশ্ববর্তী শাকবাড়িয়া নদীর চরে ককসেটে রাখা অবস্থায় এই হরিণ ধরার ফাঁদ সহ অন্যান্য জিনিষপত্র জব্দ করা হয়েছে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, একটি সংঘবদ্ধ হরিণ শিকারীরা সুন্দরবনে প্রবেশ করে হরিণ ধরার জন্য এ সকল ফাঁদ সহ জিনিসপত্র নেওয়ার প্রস্তুুতিকালে তা জব্দ করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে ককসেটটি ফেলে রেখে হরিণ শিকারীরা পালিয়ে যায়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হবে। তবে এর সাথে জড়িত ব্যক্তিদের খুজে বের করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।