বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী হওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। এ সময় নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নগরীর রাজপথ থেকে অলিগলি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে এ মিছিলটি শুরু হয়ে নতুন বাজার, গাঙ্গিনাপাড় প্রদিক্ষণ করে স্টেশন রোডে গিয়ে শেষ হয়। এমিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল আমিন খসরু, কোতোয়ালী বিএনপির আহবায়ক মো: হেলাল আহম্মেদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিএস মাহাবুব, যুবদল নেতা নূরে আলম, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারন সম্পাদক মো: রাকিব হোসেনসহ বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন, নতুন বাংলাদেশে কোন মানুষের ওপর যেন জুলুম নির্যাতন না হয়, এটাই হোক আমাদের আজকের শপথ। মনে রাখতে হবে- আমাদের নেতা তারেক রহমান এমন বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা সাধারন মানুষের পাশে দাঁড়াবে, মানুষকে ভালোবাসবে। কারণ এদেশের মানুষ ১৭ বছর কষ্ট করে বুক ভরা আশা নিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। তাই আমাদের আচরনে যেন সাধারন মানুষ কষ্ট না পায়, এবিষয়টি খেয়াল রেখে আমাদের পথ চলতে হবে।