অজিদের বিদায় করে সুপার এইটের পথে জিম্বাবুয়ে

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪০ পিএম
অজিদের বিদায় করে সুপার এইটের পথে জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়ার কপাল পুড়লোই। বৃষ্টির কারণে পাল্লেকেলেতে পরিত্যক্ত হয়ে গেলো জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের, শ্রীলঙ্কার সঙ্গে জিম্বাবুয়ে নাম লেখালো সুপার এইটে। পাল্লেকেলেতে বৃষ্টির কারণে আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে এক বলও মাঠে গড়ায়নি। ফলে এক পয়েন্ট করে পেয়েছে জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড। বি-গ্রুপে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কার। টানা দুই জয়ের পর একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পয়েন্ট নিয়ে (মোট ৫ পয়েন্ট) জিম্বাবুয়েরও সুপার এইট নিশ্চিত এখন। তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট মাত্র ২। ফলে শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলেও ৪ পয়েন্টের বেশি হবে না অজিদের। সেই হিসেবে আগেভাগেই বিদায় হয়ে গেছে সাবেক চ্যাম্পিয়নদের। বিদায় নিশ্চিত ৩ পয়েন্ট পাওয়া আয়ারল্যান্ডেরও।