কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর ইউনিয়নের লম্বরী ও মিটাপানিরছড়া এলাকার মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দুপুর ১২টা পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, সকাল নয়টার দিকে স্থানীয় বাসিন্দারা সৈকতের বালুচরে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। টেকনাফ মডেল থানার উপপরিদর্শক আবদুস সালামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো থানায় নেওয়া হয়।
উদ্ধার হওয়া তরুণের পরনে ছিল প্যান্ট ও জ্যাকেট। তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। স্থানীয় সূত্র বলছে, জোয়ারের সময় মরদেহ দুটি বালুচরে আটকে থাকতে দেখা যায়। তবে লাশ দেখে জোয়ারের পানিতে ভেসে এসেছে কি না, সে বিষয়ে ভিন্নমত রয়েছে।
স্থানীয় জেলে জালাল আহমদ বলেন, “সকালে সৈকতে নেমে দেখি কিছু লোক বালুচরে পড়ে থাকা দুইজনের লাশ ঘিরে আছে। দেখে মনে হয়নি জোয়ারে ভেসে এসেছে। অন্য কোথাও হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়ে থাকতে পারে।”
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, “দুপুর ১২টা পর্যন্ত লাশ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে তাদের রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সাগরপথে মানব পাচার কিংবা মুক্তিপণ আদায়ের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে শরীরে স্পষ্ট জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে।