গার্ড অব অনার দিয়ে বরণ

সরকারের ১৮০ দিনের কর্মসূচি ঠিক হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২০ পিএম
সরকারের ১৮০ দিনের কর্মসূচি ঠিক হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিক গার্ড অব অনারে বরণ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। দায়িত্ব গ্রহণের দিনই তিনি সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির কথা তুলে ধরেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে প্রাথমিক লক্ষ্য হিসেবে ঘোষণা করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে সচিবালয়ে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে তিনি প্রথমবারের মতো নিজ কর্মস্থলে যোগ দেন। সচিবালয় এলাকায় এদিন নিরাপত্তা জোরদার করা হয়। মন্ত্রণালয়ের প্রবেশপথ ও করিডোরে ছিল সাজসজ্জা ও প্রস্তুতির ছাপ।

নবগঠিত সরকারে দায়িত্ব নেওয়ার পর একই দিনে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন বলেন, “সরকারের প্রথম দিন একটা কেবিনেট মিটিং করতে হয়। আমরা সবাই বসেছি। প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কিছু অনুশাসন দিয়েছেন।”

তিনি জানান, সাধারণত প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়, তবে এবার ১৮০ দিনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তার ভাষায়, “আমরা এবার ১৮০ দিনের প্রায়োরিটি নির্ধারণ করেছি। পরে আপনারা বিস্তারিত জানতে পারবেন।”

সরকারের প্রাথমিক অগ্রাধিকার সম্পর্কে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সরবরাহ চেইন ঠিক রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেন কোনো সমস্যা না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে। গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণে থাকবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, জনগণ ম্যানিফেস্টোর ওপর ম্যান্ডেট দিয়েছে। তাই জনগণের ইচ্ছাকেই প্রাধান্য দিতে হবে। “কার কী অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না। মেধার ভিত্তিতে সবাইকে যাচাই করব,” যোগ করেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সালাহউদ্দিন আহমদ। পরে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, পুলিশ প্রশাসনের কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে ব্রিফিংয়ের কথা জানান সংশ্লিষ্টরা।

স্বাধীনতার পর ৫৫ বছরে এই প্রথম কক্সবাজার জেলা থেকে একজন পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পেলেন। সালাহউদ্দিন আহমদের মন্ত্রী হওয়ার খবরে জেলায় উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করান।

আপনার জেলার সংবাদ পড়তে