ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বৈধ পথে দেশে অর্থ পাঠানোর পরিমাণ বেড়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই দেশে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ৩ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশি টাকার পরিমাণ করলে, এই সময়ে মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার দেশে এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৬০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৬৬ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এর আগে, ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারিতেই এসেছিল ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। অর্থাৎ, পরের ২ দিনে আরও প্রায় ৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে দেশে ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। তারও আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে দেশে এসেছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স। যা ছিল দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।