দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার ১

এফএনএস বিনোদন
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৫ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৫ পিএম
দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার ১

বলিউড তারকাদের বাসভবনে গ্যাংস্টারদের হামলার ঘটনা যেন ইদানীং নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। সালমান খান, রোহিত শেঠির পর এবার সেই তালিকায় উঠে এসেছে অভিনেত্রী দিশা পাটানির নাম। গত বছরের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের বেরেলিতে অভিনেত্রীর বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ মেহফুজ ওরফে ববি কবুতরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে ববিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উত্তর-পূর্ব দিল্লি থেকেই পুরো ঘটনার ছক কষেছিলেন তিনি। নিজে গুলি না চালালেও হামলায় ব্যবহৃত বিদেশি আগ্নেয়াস্ত্র সরবরাহের মূল কারিগর ছিলেন এই ববি। বর্তমানে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দিশার বাড়ি ছাড়াও আরও কয়েকটি আলোচিত অপরাধের সঙ্গে তার নাম জড়িয়েছে। গত বছরের ১২ সেপ্টেম্বর গভীর রাতে দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। পরবর্তীতে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এই হামলার দায় স্বীকার করেন। তাদের দাবি ছিল, অভিনেত্রীর বোন খুশবু পাটানির একটি মন্তব্যের জেরে এই হামলা চালানো হয়। সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলার পর দিশার বাড়িতে এমন ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। ঘটনার পরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিশার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন। এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার মূল অস্ত্র সরবরাহকারী ববির গ্রেপ্তারকে তদন্তের অন্যতম বড় অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।