ইন্দুরকানীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৯ পিএম
ইন্দুরকানীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

পিরোজপুরের ইন্দুরকানিতে বিনম্র শ্রদ্ধা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 

একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং একুশের চেতনা বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিউর রহমান রুবেল, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. শামিম হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হাই মীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।