স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল নগরীর পৃথক পৃথক জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, নারীর ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ভুক্তভোগী। ওই অভিযোগের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের হাকিম প্যাদার ছেলে শাহিন প্যাদা, ঝালকাঠির রাজাপুর উপজেলার পালক গ্রামের কবির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার ও বরিশাল সদর উপজেলার চরবাড়িযা ইউনিয়নের উলালগুনি গ্রামের মকবুল জোমাদ্দারের ছেলে সাইফুল ইসলাম। ওসি আরও জানিয়েছেন, শাহিন তার স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ পেতে বিভিন্ন মানুষের টাকা পয়সা হাতিয়ে নেয়। তারই ধারবাহিকতায় গত ১১ ফেব্রেুয়ারি ভোলা জেলার দৌলতখান উপজেলার সুলতান দারোগার ছেলে ফয়জুল কবিরের মোবাইল ফোনে কল করে শাহিনের স্ত্রী। তার সাথে পরিচয়ের একপর্যায়ে বরিশালে আসতে বলে। এরপর ফয়জুল বরিশালে আসলে তাকে নিয়ে যায় নগরীর কলেজ রোড এলাকার একটি বাসায়। ওই বাসায় নিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। এ ঘটনার পরপরই ভুক্তভোগী ফয়জুল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্রধরে রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।