নাচোলে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৪ পিএম
নাচোলে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান

নাচোলে ব্যতিক্রমী এক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সাংসদ এবং জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান। স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ার প্রত্যয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ৫০শয্যা বিশিষ্ট নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ঝাড়ু হাতে নিয়ে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে এমপি ড.মু. মিজানুর রহমান জানান, এই কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে নাচোল পৌরসভা, উপজেলা পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। তিনি বলেন শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, জনসচেতনতা বৃদ্ধিই এই অভিযানের অন্যতম লক্ষ্য।   পরিবেশ ভালো থাকলে মানুষের মন ভালো থাকে। আমরা বিশ্বাস করি, আবর্জনা দূর করার মাধ্যমে মানুষের মন থেকে সংকীর্ণতা দূর হবে, সমাজে হানাহানি কমবে এবং স্বচ্ছতা ফিরে আসবে। তিনি আরও বলেন এটি কোনো একদিনের কর্মসূচি নয়, বরং আমাদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে। এছাড়াও এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গোলাম রব্বানী সরদারের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সরকারি সকল দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এমপি ড.মু. মিজানুর রহমা। এসময় তিনি সরকারি সকল দপ্তরে স্বচ্ছতা ও নাগরিক সেবার মানোন্নয়ন এবং নিজ নিজ চত্বর পরিচ্ছন্ন রাখতে কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন। হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে জেনারেটর চালানোর জন্য এমপি তার নিজস্ব তহবিল থেকে ১০০ লিটার ডিজেল বরাদ্দের প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসার মান আরও উন্নত হবে। পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম রাশেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মাহবুব উল আলম, অফিসার ইনচার্জ আছলাম আলী, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। সবশেষে এমপি ড. মু. মিজানুর রহমান সর্বস্তরের সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে