বিজ্ঞাপন নিয়ে লজ্জার মুখে পড়লো ভারত

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৫ পিএম
বিজ্ঞাপন নিয়ে লজ্জার মুখে পড়লো ভারত

ক্রিকেট বিশ্বকাপে ভারত নানাভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করে। মাঠের সুবিধা, দর্শকের সুবিধা এমনকি ব্রডকাস্টিংয়ের সুবিধাও তারা নিজেদের করে নেয়, যাতে খেলোয়াড়রা উজ্জীবিত হয় এবং মাঠে ভালো পারফর্ম করে। বিজ্ঞাপনের বাজার পেতে ব্রডকাস্টিং প্রতিষ্ঠানগুলোও ভারতকে তুষ্ট করতে এমন কিছু বিজ্ঞাপন বা প্রোগ্রাম তৈরি করে, যাতে প্রতিপক্ষকে ছোট বা নিচু করে দেখানো যায় এবং ভারতীয় দর্শকদের উত্তেজিত করে তোলা যায়। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে তেমনই একটি বিজ্ঞাপন তৈরি করেছিল এবারের টি-২০ বিশ্বকাপের সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারস্পোর্টস একটি বিজ্ঞাপন তৈরি করেছিল, যাতে দক্ষিণ আফ্রিকাকে ব্যঙ্গ করে, ছোটভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু সুপার এইটে নিজেদের মাঠ আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে উল্টো লজ্জায় পড়তে হয়েছে স্টার স্পোর্টসকে এবং বাধ্য হয়ে বিজ্ঞাপনটিকেই সরিয়ে নিতে হয়েছে তাদেরকে। স্টার স্পোর্টসের সেই বিতর্কিত ‘কাপকেক’ বিজ্ঞাপনটি শেষ পর্যন্ত ভারতের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকাকে ব্যঙ্গ করে তৈরি করা বিজ্ঞাপনটি তুমুল সমালোচনার মুখে পড়ে এবং পরে তা সরিয়ে নেওয়া হয়। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে উত্তেজনা বাড়াতে স্টার স্পোর্টস একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছিল। একটি ক্যাফে-ভিত্তিক সেই ভিডিওতে দেখা যায়, একজন ভারতীয় সমর্থক কাপকেক নিয়ে দক্ষিণ আফ্রিকার এক সমর্থককে ট্রল করছেন এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়াদের পরাজয়ের কথা মনে করিয়ে দিচ্ছেন। যদিও ওই বিজ্ঞাপন দর্শকদের একটি বড় অংশের কাছে ভালো লাগেনি। অনেকেই মনে করেন, এটি খেলাধুলার সৌহার্দ্যপূর্ণ পরিবেশের পরিপন্থী। গত রোববার সেই বিজ্ঞাপন যেন উল্টো ফল এনে দেয়। আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে যায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। আগে ব্যাট করে প্রোটিয়ারা ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৮৭ রান। দলের হয়ে ডেভিড মিলার মাত্র ৩৫ বলে ঝড়ো ৬৩ রান করেন। জবাবে ভারতের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। পুরো দল গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। শিভাম দুবের ৪২ রানই ছিল একমাত্র উল্লেখযোগ্য ইনিংস। বিতর্কের মুখে স্টার স্পোর্টস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। তবে এটি ম্যাচের আগে না পরে সরানো হয়েছে, তা স্পষ্ট নয়।